জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
বুধবার (৩ জুন) সৌদি আরবের মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার উদ্যোগে আয়োজিত হজ সমাবেশে এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধের ভিত রচিত হয়েছিল, তার ওপর দাঁড়িয়েই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রবাসী বাংলাদেশিরা জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে যে গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য।
ফেব্রুয়ারিতে দেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি গণভোট। দেশের ইতিহাসে এটি ছিল চতুর্থ গণভোট। গণভোটের আগে দেশের প্রায় সব রাজনৈতিক শক্তি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু গণভোট-পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীনরা জনগণের সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে নেমেছে বলে জানান তিনি।
বিকেএমের আমির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক গণসমাবেশের মাধ্যমে আমরা সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছি। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
শাখা সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরউদ্দিন মুনির প্রমুখ।
.png)

