logo

জুলুম করে এই বাংলাদেশে কেউ টিকতে পারবে না: মাসুদ

জুলুম করে এই বাংলাদেশে কেউ টিকতে পারবে না: মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিগত দিনে জুলুম করে কেউ টিকতে পারেনি। ভবিষ্যতেও জুলুম করে এই বাংলাদেশে নব্য জালিম কেউ টিকতে পারবে না। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন হয়নি, গণভোটও হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। জনগণ স্বৈরাচার তাড়াতে পেরেছে সুতরাং সবাইকে সেটা মনে রাখতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহ-প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই সমাবেশ হচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হবে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।