logo

আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না: জাবের

আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না: জাবের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদের ক্ষমতায় বসিয়েছি, যাদের প্রধানমন্ত্রী বানিয়েছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই, এই প্রধানমন্ত্রী কি প্রক্সি প্রধানমন্ত্রী হবেন, নাকি জনগণের প্রকৃত প্রধানমন্ত্রী হবেন? তিনি কি জনগণের কথা বলবেন, নাকি তাকে নির্ধারিত করে দেওয়া বক্তব্যই বারবার বলতে হবে?

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম গণভোটের প্রচলন করেছিলেন উল্লেখ করে জাবের বলেন, ‘আপনার (তারেক রহমান) পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোটের প্রচলন করেছিলেন। কিন্তু আজকে আপনারা (বিএনপি সরকার) সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধু গণভোটের বিরুদ্ধাচরণই করছেন না, বরং বিএনপির জন্ম যে গণভোটের মাধ্যমে হয়েছে, সেই প্রক্রিয়াকেও আপনারা অস্বীকার করছেন। এটা নিজেদের জন্মকেই অস্বীকার করার শামিল।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বারবার সংবিধান পরিবর্তনের কথা বলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বারবার তার বক্তব্যে, কথায় এবং দাবিতে যেই সংবিধানকে পরিবর্তন বা প্রত্যাখ্যান করার কথা বলেছেন, আজকে সেই সংবিধানকে ঘিরেই বিএনপি নিজের অবস্থান থেকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। 

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, যে বিএনপি তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বীকার করে না এবং খালেদা জিয়ার বক্তব্যও যথাযথভাবে অনুসরণ করে না, সেই বিএনপি মূলত একটি তলাবিহীন ঝুড়ি।

গণভোটের রায় মানা না হলে সরকারকে আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে মন্তব্য করে জাবের বলেন, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয় এবং জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে ক্ষমতাসীনদের আরেকটি জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।

সবশেষে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।