logo
Advertisement

বাঁধনের ওপর হামলায় দূতাবাসে ইতালি এনসিপি’র স্মারকলিপি

ইসমাইল হোসেন স্বপনইতালি
বাঁধনের ওপর হামলায় দূতাবাসে ইতালি এনসিপি’র স্মারকলিপি
ছবি: অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালি এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে, ‘এনসিপি ডায়াস্পোরা ইতালি’। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মঙ্গলবার ইতালির বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির প্রতিনিধিরা।

দূতাবাসের পক্ষে হেড অব চ্যান্সারি মারজাক ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে আজমেরী হক বাঁধনসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা, জরুরি আইনি সহায়তা এবং পূর্ণ কূটনৈতিক সহযোগিতা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

ঘটনাটি ভেনিসে সংঘটিত হওয়ায় স্থানীয় পর্যায়ে জনমত তৈরি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ভেনিসে প্রতিবাদী অবস্থান ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সংগঠনটির স্থানীয় ইউনিট। এসময় নেতারা বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে সেটিকে নিছক ব্যক্তিগত বিষয় হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বিদেশের মাটিতে যেকোনো বাংলাদেশির ওপর হওয়া অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির সদস্য সচিব সালাহউদ্দীন আকন এবং ভেনিস জোনের সদস্য সচিব হাসিবুল ইসলাম, মাসুদ পারভেজ রুবেল (সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা দক্ষিণ), মো. নাইম (যুগ্ম আহ্বায়ক, ভেনিস জোন), গাজী সাইফুল ইসলাম (সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি), আলি আহমেদ মিটন (সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি), কামাল হোসাইন (সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি), হুমায়ূন কবির (সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি ) প্রমুখ।