logo

ফ্লোরিডায় জাঁকজমকপূর্ণ আয়োজনে খুলনা বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

ফ্লোরিডায় জাঁকজমকপূর্ণ আয়োজনে খুলনা বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত
খুলনা বিভাগীয় মিলনমেলা ও প্রথম বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় মিলনমেলা ও প্রথম বার্ষিক পিকনিক।

স্থানীয় সময় রোববার (১১ অক্টোবর) ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের কোয়াইট ওয়াটার্স পার্কে খুলনা ডিভিশন অব ফ্লোরিডার উদ্যোগে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা অংশ নেন। নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

আয়োজক কমিটির আহ্বায়ক মো. আখতারুজ্জামান পলাশ বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, প্রবাসের মাটিতে খুলনা বিভাগের মানুষদের নিয়ে প্রথমবারের মতো এত বড় আয়োজন করতে পেরেছি। আজকের এই আনন্দঘন আয়োজনে ফ্লোরিডার সব অঞ্চলের বাংলাদেশিদের আতিথেয়তা করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

সংগঠনের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘আমাদের আমন্ত্রণ ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলের মানুষ সাদরে গ্রহণ করেছেন। অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়। ছবি: এশিয়া পোস্ট
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়। ছবি: এশিয়া পোস্ট

আয়োজক কর্তৃপক্ষ জানায়, মধ্যাহ্নভোজের সময় দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা ও পরিচিত হওয়ার সুযোগ পেয়ে অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। হাসি, ঠাট্টা ও গল্পে পুরো পার্ক পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে তোলে।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নারীদের পিলো পাসিং এবং শিশুদের কুকিজ রান প্রতিযোগিতা। তারা স্বতঃস্ফূর্তভাবে এসব ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন এবং আনন্দে মেতে উঠেন। একই সঙ্গে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজক কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।