logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত
সৌদি আরব। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১৬ মে) নিহতদের পরিবার তাদের মৃত্যুর খবর জানতে পারে।

নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের ইউনুস মিয়া (৪৩)।

নিহত নুরে আলমের ভাগনে সৌদিপ্রবাসী মনির হোসেন বলেন, জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুরে আলম ও ইউনুস মিয়া নিহত হন। এ ঘটনায় এক সৌদি নাগরিকও মারা গেছেন। এ ছাড়া গাড়িচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্বজনরা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুই বন্ধুর দেশে ফেরার কথা ছিল। ইউনুস মিয়া চার মাস বয়সি নবজাতক পুত্রকে প্রথমবার দেখার জন্য বিমানের টিকিটও কেটে রেখেছিলেন।

নিহত ইউনুসের ভাই ওমর ফারুক মারুফ বলেন, ইউনুস আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার ওপরই বৃদ্ধ মা-বাবা ও সন্তানদের দায়িত্ব ছিল।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমাদের পরিবারের ছয়জনের ভরণপোষণ চলত স্বামীর উপার্জনে। তাকে হারিয়ে আমরা এখন দিশেহারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনতে কিছুটা সময় লাগে। প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।