‎আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, দুবাই
‎আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
মোহাম্মদ ফরহাদ খান। ছবি: এশিয়া পোস্ট

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের আকস্মিক মৃত্যুর মিছিল যেন কোনোভাবে থামছেই না। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো ঘটনায় একের পর এক রেমিট্যান্স যোদ্ধার এমন অকাল প্রয়াণে প্রবাসী কমিউনিটিতে গভীর স্তব্ধতা ও শোকের ছায়া নেমে এসেছে। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও একটি তরুণ প্রাণ।

Advertisement

দুবাইয়ে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ২৬ বছর বয়সী প্রবাসী যুবক মোহাম্মদ ফরহাদ খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎​নিহত ফরহাদ খান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী কাজীপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুল মোনাফ সওদাগরের পুত্র।

‎​স্থানীয় প্রবাসী ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, ফরহাদ দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি সংলগ্ন ব্রিজের পাশের ৮০ নম্বর বিল্ডিংয়ের একটি কক্ষে বন্ধুদের সঙ্গে থাকতেন। তিনি দুবাইয়ের বিখ্যাত আল আবির সবজি মার্কেটের ৪ নম্বর ব্লকের একটি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো কর্মব্যস্ত দিন শেষে রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে গিয়েছিলেন ফরহাদ। কিন্তু রাতের কোনো এক সময় ঘুমের ঘোরে স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সকালে ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে রুমমেটরা বিষয়টি বুঝতে পারেন।

‎​ফরহাদের সহকর্মী ও রুমমেটরা জানান, অত্যন্ত সদালাপী, নম্র ও ভালো মনের মানুষ ছিলেন ফরহাদ। এত অল্প বয়সে কোনো প্রকার পূর্ব জটিল রোগ ছাড়া তিনি এভাবে সবাইকে ছেড়ে চলে যাবেন, তা কেউ কল্পনাও করতে পারছেন না। তার এই আকস্মিক মৃত্যুতে কর্মস্থল ও আবাসন এলাকায় শোকের মাতম চলছে।

‎​পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মাস আগে দেশে গিয়ে ধুমধাম করে বিয়ে করেছিলেন ফরহাদ। বিয়ের পর নতুন সংসার ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে আবারও ফিরে এসেছিলেন প্রবাসের মাটিতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জীবিত অবস্থায় আর জন্মভূমি হাটহাজারীতে ফেরা হলো না তার। এখন কফিনে বন্দি নিথর মরদেহ হয়ে তাকে ফিরতে হবে স্বজন ও নববিবাহিত স্ত্রীর কাছে।

‎​পবিত্র জুমাবার ও পবিত্র আশুরার এই পুণ্যময় দিনে ফরহাদের এমন মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে তার পরিবার এবং আত্মীয়-স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় প্রবাসীরা মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন, যেন তিনি এই রেমিট্যান্স যোদ্ধাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।