প্রথম যাত্রীবাহী রেল চালু হচ্ছে আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রীবাহী রেল পরিষেবার দ্বার উন্মোচন করতে চলেছে। আগামী ৩০ জুন থেকে ইতিহাদ রেলের আবুধাবি-ফুজাইরাহ রুটে সাধারণ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। উপসাগরীয় অঞ্চলে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায় রচনা করা এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার (২৩ জুন) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটিতে নবনির্মিত যাত্রী ট্রেন স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এ ঘোষণা দেন ক্রাউন প্রিন্স। উদ্বোধনের সময় তাকে স্টেশনের অত্যাধুনিক অবকাঠামো, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ব্যস্ত সময়ে যাত্রী ব্যবস্থাপনার কৌশল এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
এই রেল নেটওয়ার্ক উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংযোগ, পর্যটন এবং দৈনন্দিন যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে পুরো গাল্ফ অঞ্চলে রেল পরিষেবা বিস্তারের পথ তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রথম পর্যায়ে আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। আবুধাবির স্টেশনটি মোহাম্মদ বিন জায়েদ সিটির এমই-১০ এলাকায় এবং ফুজাইরাহর স্টেশনটি আল হিলাল সিটিতে অবস্থিত। এই রুটে যাত্রার সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট, যা প্রচলিত সড়কপথের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ৪০০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ১৩টি ট্রেনের বহর নিয়ে এই পরিষেবা চালু হচ্ছে।
যাত্রীরা দুটি শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন—কমফোর্ট ক্লাস (ভাড়া ৫৫ দিরহাম থেকে শুরু) এবং প্রিমিয়াম ক্লাস (ভাড়া ১২০ দিরহাম থেকে শুরু)।
গত মঙ্গলবার (২৩ জুন) থেকে ইতিহাদ রেলের অ্যাপ ও অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইতোমধ্যেই টিকিট বুকিং শুরু হয়েছে।
ইতিহাদ রেলের ঘোষিত সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে পুরো দেশে এই রেল নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে আগামী ৩০ জুন আবুধাবি ও ফুজাইরাহ রুট চালুর পর, দ্বিতীয় পর্যায়ে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দুবাই ও আল দাইদ স্টেশন উদ্বোধন করা হবে। এরপর তৃতীয় পর্যায়ে আগামী ৩০ ডিসেম্বর আল দাফরা অঞ্চলের স্টেশনগুলো এবং চতুর্থ পর্যায়ে ২০২৭ সালের ৩০ মার্চ শারজাহ স্টেশন চালুর মাধ্যমে পুরো রেল নেটওয়ার্ক সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আধুনিক অবকাঠামো দিয়ে সাজানো এই যাত্রী ট্রেন স্টেশনগুলোতে ক্যাফে, রেস্তোরাঁ, খুচরা দোকান এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সুবিধা রাখা হয়েছে। এছাড়া ট্রেনের ভেতরেও যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, যা ভ্রমণকে আরামদায়ক ও উপভোগ্য করে তুলবে। এর স্মার্ট যাত্রী ব্যবস্থাপনা সিস্টেম নিশ্চিত করবে যেন ব্যস্ততম সময়েও যাত্রীরা কোনো যানজট ও ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারেন।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক ‘পঞ্চাশ প্রকল্প’-এর অংশ হিসেবে এই জাতীয় রেলওয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। মাত্র পাঁচ বছরের কম সময়ে বিশাল এই প্রকল্প বাস্তব রূপ নেওয়া দেশটির অবকাঠামো উন্নয়নের অসাধারণ সক্ষমতার বড় প্রমাণ। নির্ধারিত সময়ের আগে প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় ইতোমধ্যে সরকারি ও বেসরকারি মহলে এটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।





