সিঙ্গাপুরে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রতারণা থেকে রক্ষায় অভিনব উদ্যোগ

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে প্রতারণার হাত থেকে রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। গুগল ডিপমাইন্ড এবং সিঙ্গাপুর সরকার প্রথমবারের মতো ডিভাইসে সরাসরি কাজ করার উপযোগী এমন একটি স্ক্যাম বা প্রতারণা শনাক্তকরণ মডেল তৈরি করছে, যা কোনো সম্ভাব্য প্রতারণার চেষ্টা করা হলে অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে সতর্ক করবে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত কোনো তথ্য তাদের ডিভাইস থেকে বাইরে না পাঠিয়েই পরিচিত স্ক্যাম থেকে সুরক্ষা প্রদান করবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই মডেল। সংশ্লিষ্টরা জানান, এটি ব্যক্তিগত যোগাযোগ গোপন রাখার পাশাপাশি তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট ও স্থানীয়ভাবে করা প্রতারণার চেষ্টাগুলো প্রতিরোধে সাহায্য করবে। মডেলটি প্রস্তুত করার ক্ষেত্রে সিঙ্গাপুরের প্রেক্ষাপট বা ধরন বোঝার ওপরও জোর দেওয়া হয়েছে।
এআই মডেলটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপের টেক্সট বা বার্তাগুলো তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে এবং স্থানীয় স্ক্যামের ধরনগুলো—যেমন সরকারি কর্মকর্তা বা ব্যাংকের ছদ্মবেশ ধারণ করে প্রতারণা—শনাক্ত করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। তবে ফিচারটি চালু হওয়ার কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া এটি অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের একটি ডিফল্ট ফিচার হিসেবে থাকবে কি না, তা-ও এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।