Advertisement

প্যারিসে ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
প্যারিসে ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা ক্লাব ফ্রান্সের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে গঠিত ঢাকা ক্লাব ফ্রান্স-এর অভিষেক এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে প্যারিসের একটি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কামাল সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু।

সভাপতি রানা রহমান বলেন, ‘ঢাকা ক্লাব ফ্রান্স একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের জন্য এ সংগঠনের দরজা উন্মুক্ত। প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি তাদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।’

স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শামিম সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি উপস্থিত অতিথি, সদস্য, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় সংগঠনের উপদেষ্টা সত্তার আলী সুমন, শাহ আলম, শুভ্রত ভট্টাচার্য, শাহিন আরমান, রিয়াদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, জিতু তালুকদার, মিয়া মস্তফা ও হান্নান হাওলাদারসহ পৃষ্ঠপোষকদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তাঁদের সম্মাননা স্মারক, ব্যাজ ও উত্তরীয় প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মমিন আলী মোড়ল, কোষাধ্যক্ষ হিসেবে জাহাঙ্গীর, প্রচার সম্পাদক হিসেবে মারুফ ফয়সাল এবং দপ্তর সম্পাদক হিসেবে সুমন মোল্লার নাম ঘোষণা করা হয়।

এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও নিশিতা বড়ুয়া এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস, উপমা ও আরাব খান সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি রানা রহমান উপস্থিত অতিথি, শিল্পী, সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকা ক্লাব ফ্রান্সের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।