স্পেনে অভিবাসীদের নিয়মিতকরণ: দুই শর্তে মিলবে বসবাসের অনুমতি

এশিয়া পোস্ট ডেস্ক
স্পেনে অভিবাসীদের নিয়মিতকরণ: দুই শর্তে মিলবে বসবাসের অনুমতি
ছবি : সংগৃহীত

চলতি বছর অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেয় ইউরোপের উন্নত দেশ স্পেন। ঘোষণার পর ১১ লাখের বেশি আবেদন জমা পড়েছে। তবে দুটি শর্তে অভিবাসীদের নিয়মিত করার কথা জানিয়েছে সরকার।

অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যেই ছয় লাখের বেশি অভিবাসী সরকারের অস্থায়ী অনুমতি নিয়ে দেশটির বিভিন্ন খাতে কাজে যুক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার স্পেন সরকারের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীদের মধ্যে ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জন অভিবাসী অস্থায়ী অনুমতি নিয়ে কাজে যোগ দিয়েছেন।

দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী, নিয়মিতকরণ কর্মসূচির আওতায় আবেদনকারীকে এক বছর বসবাসের অনুমতি দেওয়া হবে। তবে র্শত হলো, ওই অভিবাসী ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করেছেন এবং কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নন।

চলতি বছরের গত ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করেছে স্পেন সরকার।

এই বিষয়ে সেক্রেটারি অব স্টেট ফর মাইগ্রেশন পিলার ক্যানসেলা এবং সেক্রেটারি অব স্টেট ফর সোশ্যাল সিকিউরিটি বোরহা সুয়ারেজ জানান, প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা হাতে নিয়েছিল সরকার। শেষ তারিখ অর্থাৎ ৩০ জুন পর্যন্ত এর প্রায় দ্বিগুণ আবেদন জমা পড়েছে।

তারা আরও জানান, আবেদনকারীদের বেশির ভাগই লাতিন অ্যামেরিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। আবেদন যাচাই-বাছাইয়ের সময়ে তাদের কাজের যোগদানের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের তথ্যমতে, সাময়িক অনুমতি পাওয়া মোট ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জন অভিবাসীর মধ্যে ৩০ জুন পর্যন্ত সময়ে এক লাখ ৬০ হাজার অভিবাসী আনুষ্ঠানিক খাতে কাজে যোগ দিয়েছেন। আবেদনকারীদের মধ্যে ১১ হাজার অভিবাসী ইতোমধ্যে এক বছরের বসবাসের অনুমতি পেয়েছেন।

স্পেন সরকার জানায়, আবেদনকারীদের ৮১ ভাগ ৪৫ বছরের কম বয়সী আর মোট আবেদনকারীর ৫৭ ভাগ নারী।