যুক্তরাষ্ট্রে মেয়েকে ড্রাইভিং শেখাতে গিয়ে নিজ গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে মেয়েকে ড্রাইভিং শেখাতে গিয়ে নিজ গাড়িচাপায় মারা গেছেন এক বাংলাদেশি। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে ওয়ারেন শহরের ওয়ার্নার স্ট্রিটে, ৯ মাইল এলাকার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহিম (৬৫)। মেয়েকে গাড়ি ঘোরানোর কথা বলে তিনি ড্রাইভওয়ের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িটি রিভার্স করার একপর্যায়ে ভুলবশত ব্রেকের পরিবর্তে অ্যাক্সেলেটরে চাপ পড়ে যায়। এতে গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে এগিয়ে গিয়ে আব্দুর রহিমকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর ঘটনায় মেয়েটি গভীরভাবে ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মিশিগানের বাংলাদেশি কমিউনিটি।
জানা গেছে, প্রায় সাত বছর আগে বড় মেয়ের মাধ্যমে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন আব্দুর রহিম। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। তার একমাত্র ছেলে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। আব্দুর রহিমের দেশের বাড়ি ঢাকার ধানমন্ডি এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।