ইতালিতে পাঠাগার স্থাপনের দাবি বাংলা প্রেস ক্লাবের

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং প্রবাসীদের বই পড়ার অভ্যাস ধরে রাখার লক্ষ্যে ইতালিতে একটি সমৃদ্ধ বাংলা পাঠাগার স্থাপনের দাবি জানিয়েছে বাংলা প্রেস ক্লাব ইতালি। বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট লেখক কামরুল হাসান শায়কের ইতালি আগমন উপলক্ষে আয়োজিত এক সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
রবিবার সন্ধ্যায় রোমের স্থানীয় সিলেট কফি শপে বাংলা প্রেস ক্লাব ইতালির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল।
ইতালির নামে লিবিয়ায় নিয়ে জিম্মি, দেশ থেকে মুক্তিপণ নেন আ.লীগ নেতা
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসজীবনের তীব্র কর্মব্যস্ততার মাঝেও মাতৃভাষার চর্চা ও শেকড়ের সাথে আত্মিক যোগাযোগ বজায় রাখতে বইয়ের কোনো বিকল্প নেই। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং তাদের সন্তানদের বাংলা সাহিত্যের সাথে নিবিড়ভাবে যুক্ত রাখতে একটি স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ইতালিতে প্রস্তাবিত পাঠাগারটি বাস্তবায়নে ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠান শেষে লেখক কামরুল হাসান শায়কের হাতে বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।