হজ শেষে সৌদির পর্যটন স্থলে হাজিদের ভিড়

পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। তবে বিদায়ের আগে সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় ও পর্যটন স্থানে ঘুরে দেখার সুযোগও হাতছাড়া করছেন না তারা। দেশটির জেদ্দার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমাচ্ছেন হাজিরা।
বিশেষ করে লোহিত সাগরের তীরে অবস্থিত ‘জেদ্দা কর্নিশে’ হাজিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি স্মৃতিবিজড়িত মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন তারা।
শুধু পর্যটন স্পটই নয়, জেদ্দার আধুনিক শপিংমল ও বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। অনেকেই স্বজনদের জন্য উপহারসামগ্রী, খেজুর, আতর ও সৌদির ঐতিহ্যবাহী পণ্য কিনতে ব্যস্ত সময় পার করছেন।
সৌদি আরবের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পর্যটন ও বিনোদন খাতের ক্রমবর্ধমান উন্নয়ন বিদেশি দর্শনার্থীদের আকৃষ্ট করছে। হজযাত্রা শেষে এমন ভ্রমণ অনেক হাজির জন্য হয়ে উঠছে স্মরণীয় এক অভিজ্ঞতা।
হজের পবিত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দেশে ফেরার আগে সৌদি আরবের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও শপিংমলে সময় কাটাচ্ছেন বিভিন্ন দেশের হাজিরা। ধর্মীয় সফরের পাশাপাশি এই ভ্রমণ তাদের অভিজ্ঞতায় যোগ করছে এক ভিন্ন মাত্রা।
