ফ্রান্সে প্রবাসী শরীফ আল মোমিন স্মরণে দোয়া মাহফিল

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব, এম.সি. ইনস্টিটিউট ও অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমিনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যায় এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের উদ্যোগে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাস ওবেরভিলিয়েতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম শরিফ আল মোমিনের স্মৃতিচারণ করে তাঁর ব্যক্তিজীবন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর কর্ম এবং মানুষের জন্য রেখে যাওয়া অবদানের মধ্যেই বেঁচে থাকে। শরিফ আল মোমিনের স্মৃতি এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্টদের ভালোবাসা দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বদরুল বিন হারুনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, আহসানুল হক বুলু, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আযাদ ও এম. সি. ইন্সটিটিউটের প্রধান উপদেষ্টা শামীম মোল্লাসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রামের কৃতি সন্তান শরীফ আল মোমিন দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করে আসছিলেন। তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সংযোগ বৃদ্ধিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানান, দোয়া মাহফিলে অংশ নেয়া বক্তারা।
আশির দশকে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে আসেন শরীফ আল মোমিন। সেখানে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কিছুদিন গণমাধ্যমে কাজ করেন। পরবর্তী সময়ে ব্যবসায় মনোনিবেশ করেন। নব্বই দশকের মাঝামাঝি সময়ে প্যারিসে একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

