logo

লেখক-পাঠকের মিলনমেলায় মুখরিত প্যারিসের বাংলা বইমেলা

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
লেখক-পাঠকের মিলনমেলায় মুখরিত প্যারিসের বাংলা বইমেলা
প্যারিসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলা বইমেলা। ছবি: এশিয়া পোস্ট

ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের আয়োজন বাংলা বইমেলা। প্যারিস টাইমসের উদ্যোগে আয়োজিত এ মেলা লেখক, কবি ও পাঠকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

রোববার (১ নভেম্বর, ২০২৬) প্যারিসের ম্যাক্স দর্মা হলে দুপুর ৩টায় শুরু হয়ে মেলা চলে রাত পর্যন্ত। দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্যারিস টাইমসের স্বত্বাধিকারী, লেখক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ ইনু এবং বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আমন্ত্রিত কবি, লেখক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কবি, লেখক ও প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করেন।

এবারের বইমেলায় বাংলাদেশ থেকে আসেন লেখক হাসানুজ্জামান এবং ফ্রান্সসহ ইউরোপে বসবাসরত একাধিক কবি ও লেখক অংশ নেন। তাঁদের প্রকাশিত বই, কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী কবি ও লেখকদের মধ্যে ছিলেন রবি শংকর, লোকমান হোসেন আপন, রোমানা আফরোজ, বদিউজ্জামান, মেরি হালদার ও লিপিকা বরুয়া প্রমুখ।

ফ্রান্সের দাবায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই এর চমক

মেলার অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া আয়োজনজুড়ে ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এসব আয়োজন মেলায় বাড়তি মাত্রা যোগ করে। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

মেলায় আগত দর্শনার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে বসে বাংলা ভাষার নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও বিশেষ প্রাপ্তির। এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ফ্রান্স প্রবাসীদের

আয়োজকদের পক্ষ থেকেও প্রতিবছর নিয়মিতভাবে বাংলা বইমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। তাঁদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।