দক্ষিণ কোরিয়ার কৃষি খাতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

সমঝোতা চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় কৃষি খাতে মৌসুমি কর্মী হিসেবে ২০ জন বাংলাদেশি নাগরিক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নির্ধারিত সময় শেষে দেশে ফেরত আসার শর্তে শুধু রাজশাহী বিভাগের নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়াস্থ হামপিয়ং কাউন্টির কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় হামপিয়ং কাউন্টিতে কৃষি খাতে মৌসুমি কর্মী নিয়োগ দেওয়া হবে। সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী কেবল রাজশাহী বিভাগের অধিবাসী কৃষি কাজে নিয়োজিত জেলা/উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত কৃষিজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে আগে এলে আগে পাবেন (ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড) ভিত্তিতে নির্ধারিত পোর্টাল https://brms.boesl.gov.bd-এ অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
দক্ষিণ কোরিয়ার কৃষি খাতে নিয়োগের চাহিদা সংখ্যা ২০। এর মধ্যে ১৬ জন নারী ও ৪ জন পুরুষ। তাদের বিপরীতে ৩০০ জন প্রার্থীর নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
চাকরির মেয়াদ ও বেতন
কৃষি খাতে ন্যূনতম ৩ মাস ও সর্বোচ্চ ৮ মাস চাকরি করা যাবে। বেতন প্রতি ঘণ্টায় দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১০ হাজার ৩০ ওন করে পরিশোধ করা হবে। এই ভিসার ধরন ই-৮।
চাকরির শর্তাবলি
১. বৈধ পাসপোর্টধারী (ন্যূনতম ১ বছর মেয়াদ),
২. বয়স ৩০ থেকে ৩৯ বছর,
৩. কোরিয়ান ভাষা পারদর্শী ও কৃষি খাতে ১ বছরের অধিক বাস্তব অভিজ্ঞতা,
৪. রাজশাহী বিভাগের আওতাধীন জেলা/উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ১ বছরের অধিক সময় কাজের অভিজ্ঞতার অফিসিয়াল সনদ থাকতে হবে (কপি সংযুক্ত),
৫. রাজশাহী বিভাগের আওতাধীন ইপিএস কর্মসূচির আওতায় রোস্টার থেকে ডিলিটকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে উক্ত প্রার্থীদের ক্ষেত্রে রাজশাহী বিভাগের জেলা/উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অভিজ্ঞতা সনদ থাকতে হবে,
৬. নিয়োগকর্তার চাহিদা মোতাবেক সব কাজ করতে হবে এবং কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে,
৭.প্রত্যাগত মৌসুমী কর্মীদের নিয়োগকর্তার চাহিদামতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে,
৮.কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে,
৯.মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন,
১০.ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন,
১১. দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন,
১২. দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন,
১৩. দক্ষিণ কোরিয়ায় যাওয়া-আসার বিমান ভাড়াসহ নির্ধারিত ব্যয় কর্মীর নিজেকে বহন করতে হবে এবং
১৪. অন্যান্য সুযোগ সুবিধা কোরিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।

