জেদ্দায় ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি তারার মেলা’

সৌদি আরবের জেদ্দায় আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন ‘বাংলাদেশি তারার মেলা’।
সৌদি সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ‘আল আয়াত রয়েল ইভেন্ট’-এর সার্বিক ব্যবস্থাপনায় মরুর বুকে তুলে ধরা হবে বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি।
সৌদি বাদশাহ সালমানের দূরদর্শী ‘ভিশন টুয়েন্টি থার্টি’কে সামনে রেখে পর্যটন শিল্পের বিকাশ ও বহুমুখী বিনোদনের যে বিশাল কর্মযজ্ঞ চলছে, তারই একটি বিশেষ অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে। বর্তমানে সৌদির মাটিতে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। কঠোর প্রবাসজীবনের কর্মব্যস্ততার মাঝে এই বিশাল প্রবাসীদের সুস্থ বিনোদন ও মানসিক প্রশান্তি দিতেই আল আয়াত রয়েল ইভেন্টের এই ব্যতিক্রমী উদ্যোগ।
অনুষ্ঠানে দর্শকদের মাতাতে বাংলাদেশ থেকে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমা সুইটি এবং পারভেজ খান। দেশীয় তারকাদের পাশাপাশি মঞ্চ মাতাবেন স্থানীয় উদীয়মান শিল্পী আকিলা হাসান ও চ্যানেল আই খুদে গানরাজ ইমরান । গানের সুরের মূর্ছনার পাশাপাশি থাকছে আকর্ষণীয় ডিজে পারফরম্যান্স ও জমকালো নাচের আয়োজন।
এদিকে, এই বর্ণিল আয়োজনকে সফল করতে গতকাল জেদ্দায় এক প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আল আয়াত গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আজিজা আব্দুল গফুরের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও আইকে উজ্জ্বল। এসময় আরও উপস্থিত ছিলেন অপারেশনাল ম্যানেজার ফাহিম ও ম্যানেজার আকিলা হাসান।
সভায় আয়োজকরা জানান, প্রবাসীদের আনন্দমুখর ও নিরাপদ সময় কাটানো নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার পাশাপাশি তাৎক্ষণিক চিকিৎসা সেবায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল প্রস্তুত থাকবে।
সৌদির স্থানীয় আইন-কানুন ও শৃঙ্খলা সম্পূর্ণ বজায় রেখে এই সাংস্কৃতিক উৎসব সফলভাবে উপভোগ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের
আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।
