logo
Advertisement

ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের সম্প্রসারণবাদী নীতি দায়ী: মস্কো

শাওন সোলায়মানইকাতেরিনবার্গ, রাশিয়া
ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের সম্প্রসারণবাদী নীতি দায়ী: মস্কো
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: তাস (রাশিয়ান বার্তা সংস্থা)

ইউক্রেন সংকটের পেছনে পশ্চিমা বিশ্বের সম্প্রসারণবাদী নীতিকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মতে, বহুমেরু বিশ্বব্যবস্থা শক্তিশালী করার প্রক্রিয়া পশ্চিমা অভিজাতদের কাছ থেকে কঠিনভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) "ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ -২০২৬" এ অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া নিজ ভাষণে এমন মন্তব্য করেন সের্গেই ল্যাভরভ।

ফেস্টিভ্যালে অংশ নেওয়া বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজারের বেশি যুব প্রতিনিধি, খাতভিত্তিক বিশেষজ্ঞ ও পেশাজীবী, বক্তা, গবেষক, উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ভাষণ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রী।

এসময় তিনি বলেন, "ইউক্রেন সংকট সেই ধারার সাথে যুক্ত যারা এই বছর একাই নিজেদের অধরা আধিপত্য রক্ষার নামে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে, বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণ করেছে, ইরানের সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে এবং সাধারণভাবে অবশ্যই ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে"।

ল্যাভরভ আরও বলেন, "বহুমেরু বিশ্বব্যবস্থা শক্তিশালী করার প্রক্রিয়া পশ্চিমা অভিজাতদের কাছ থেকে কঠোর প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। যা ঘটছে তা নিজেদের আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখতে থাকে; যে আধিপত্য তারা দাসত্ব ও ঔপনিবেশিক যুগে অর্ধ সহস্রাব্দ ধরে ভোগ করেছে। কিন্তু তারা সবচেয়ে নির্লজ্জ পদ্ধতি অবলম্বন করে এই অধরা আধিপত্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা, সরাসরি চাপ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সংঘাত উসকে দেওয়া"।

প্রসঙ্গত, রাশিয়ার ইকাতেরিনবার্গ শহরে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ ইউথ ২০২৬। "ফলো ইয়োর ড্রিমস" বা "তোমার স্বপ্নকে অনুসরণ করো" প্রতিপাদ্যে আয়োজিত এবারের ফেস্টিভ্যালে বিশ্বের ১৯১ টি দেশের ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নিচ্ছে।

এদের মাঝে বাংলাদেশ থেকে ৭০ জন যুব প্রতিনিধি এবারের আসরে আমন্ত্রণ পেয়েছেন। এর পাশাপাশি ১৪ থেকে ১৭ বছর বয়সী এক কিশোর-কিশোরীও ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন।