কাল কম্বোডিয়া থেকে দেশে ফিরছেন আরও ১০ বাংলাদেশি

কম্বোডিয়ার স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশে ফেরত আসা ১০ জন হলেন, মো. আল আমিন, মো. আসাদুজ্জামান, আবু, তাপস রাজবংশী, রামকৃষ্ণ রাজবংশী, মো. তানভীর, মো. নেয়ামতউল্লাহ, আশরাফ আলী, তারেক মিয়া ও সিলন মাহমুদ।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দেশে ফেরা ঠেকাতে কম্বোডিয়ার স্কাম অপারেশনের সঙ্গে জড়িত বাংলাদেশি মানবপাচারকারীরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন। দেশে ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা নানা ধরনের সমস্যায় পড়তে হবে; এমন ভয়ও দেখানো হয়েছে।
তবে এসব ভয়ভীতি উপেক্ষা করে তারা অবশেষে দেশে ফিরছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রত্যেকের অভিজ্ঞতা থেকে কম্বোডিয়ার স্কাম কম্পাউন্ডে বাংলাদেশিদের পাচার, প্রতারণার মাধ্যমে নিয়োগ এবং জোরপূর্বক অনলাইন স্কাম কার্যক্রমে যুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
