ভেনিসে ছিনতাইকারীর হাতে নিহত জ্যাক স্মরণে সম্মিলিত ভোজসভা

২০২৪ সালের সেপ্টেম্বরে ভেনিসের মেস্ত্রেয়তে এক নারীকে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন এক তরুণ। জ্যাক নামের ওই তরুণ এখন ভেনিসের মানুষের কাছে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন।
তার স্মরণে 'মঙ্গলবার' সন্ধ্যায় পারকো পিরাগেত্তোয় অনুষ্ঠিত হয়- 'চেনা দি কুয়ারতিয়েরে’ বা মহল্লার সম্মিলিত নৈশভোজ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়িতে তৈরি খাবার নিয়ে আসেন এবং সবার সঙ্গে তা ভাগাভাগি করে খান।
এতে এ 'নৈশভোজ' পরিণত হয় বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মিলনমেলায়। নৈশভোজ শেষে জ্যাকের স্মরণে কনসার্ট হয় এবং তরুণ, তরুণীরা উচ্চস্বরে জ্যাকের নামে স্লোগান দেয়। তারা বলেন- জ্যাক মরেনি, বেঁচে আছে চেতনায়।
ভেনিসের ভিয়া পিয়াভে এলাকায় এ ধরনের উদ্যোগ ২০১০ সাল থেকে শুরু হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো- মহল্লার মানুষদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরী করা। পরস্পরকে নিজেদের এলাকার নাগরিক হিসেবে অনুভব করা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের অনেকে অংশ নেন।
ইতালীয় ভাষা ও নাগরিক শিক্ষার ইনিষ্টিটিউট (আইআরসি) একাডেমি'সহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও এতে অংশ নেন। বাংলাদেশেও পাড়া-মহল্লায় ঐতিহ্যবাহী সামাজিক সম্পর্ক ফিরিয়ে আনতে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য, কিশোর তরুণদের বিপথগামীতা থেকে ফেরাতে এমন উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মত দেন প্রবাসীরা।