আরও চার দেশকে ভিসা অন অ্যারাইভ্যাল সুবিধা দিল সৌদি

চলতি নভেম্বর মাস থেকে সৌদি আরবে ভিসা অন অ্যারাইভ্যাল সুবিধা পাচ্ছে আরও চারটি দেশ। দেশগুলো হলো- মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়া। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে ঘোষণা করেছে যে, এই চারটি দেশের নাগরিকরা এখন থেকে তাৎক্ষণিক পর্যটক ই-ভিসা এবং ‘ভিসা অন অ্যারাইভাল’পাওয়ার যোগ্য।
এর ফলে এসব দেশের নাগরিকদেরকে এখন আর ভিসার জন্য দূতাবাসে গিয়ে আবেদনের ঝামেলায় পড়তে হবেনা। এমন খবর জানিয়েছে, সংবাদ মাধ্যম আরব নিউজ।
এতে আরও বলা হয়েছে, চারটি দেশের নাগরিকরা অনলাইনে মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশের সুযোগসহ) পর্যটক ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন অথবা সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছানোর পর সরাসরি ‘ভিসা অন অ্যারাইভাল’ গ্রহণ করতে পারবেন। এর জন্য তাদের কেবল নিজেদের জাতীয় পাসপোর্ট ব্যবহার করতে হবে।
এই ভিজিট ভিসার মাধ্যমে উল্লিখিত চারটি দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নিতে পারবেন এবং সৌদি আরবে বসবাসরত তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।