logo
Advertisement

দুবাই ট্যাক্সি কোম্পানিতে আরও বাংলাদেশি কর্মী নেয়ার আহবান

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইনমধ্যপ্রাচ্য ব্যুরো
দুবাই ট্যাক্সি কোম্পানিতে আরও বাংলাদেশি কর্মী নেয়ার আহবান
দুবাই ট্যাক্সির নবাগত ১৬০ জন বাংলাদেশি কর্মীর ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’। ছবি: এশিয়া পোস্ট

দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান দুবাই ট্যাক্সি কোম্পানীর গ্রুপ চীফ অপারেশন্স অফিসার (জিসিওও) আম্মার আল বুরাইকির সঙ্গে এক বৈঠকে কোম্পানিটিতে আরও বেশি বাংলাদেশী কর্মী নেয়ার আহবান জানিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুবাইয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দুবাই ট্যাক্সি কোম্পানীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অধিকসংখ্যক দক্ষ জনবল নিয়োগের জন্য জনাব বুরাইকির কাছে অনুরোধ জানান।

একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশিদের অধিকতর কর্মসংস্থান এবং তাদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও দুবাই ট্যাক্সি কোম্পানী একযোগে কাজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কনস্যুলেট ও দুবাই ট্যাক্সির কর্মকর্তারা প্রতিষ্ঠানে নবাগত ১৬০ জন বাংলাদেশি কর্মীর জন্য আয়োজিত এক ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এ অংশ নেন। কনসাল জেনারেল তার বক্তব্যে নবাগতদের স্বাগত জানিয়ে দুবাইয়ে কর্মকালীন সময়ে ট্রাফিক আইনসহ স্থানীয় বিদ্যমান আইন-কানুন মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও কর্মক্ষেত্রে সততা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্যও নবাগতদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল দুবাই ট্যাক্সি কোম্পানীর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও দুবাই ট্যাক্সি কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামানের সঙ্গে দুবাইস্থ ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিং স্টিফেন বিলে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও গতিশীল ও সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনাব স্টিফেন কনসাল জেনারেলকে অবহিত করেন যে, বর্তমানে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশিরা বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন।

কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য ট্রান্সগার্ড গ্রুপকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও অধিকসংখ্যক দক্ষ জনবল নিয়োগের জন্য জনাব স্টিফেনের কাছে অনুরোধ জানান। পাশাপাশি, প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে নানাবিধ কর্মকাণ্ড গ্রহণ ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি জনাব স্টিফেনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও ট্রান্সগার্ড গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।