প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রিতম-জেফার-পূজা

আসন্ন ঈদুল আজহায় ঈদ আনন্দে প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের একঝাঁক তারকা। এমএস গোল্ড প্রেজেন্টস, সোনালী সন্ধ্যা পাওয়ার্ড বাই সোনালি জুয়েলার্স নামে জমকালো এই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে।
উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করবেন সংগীতশিল্পী প্রিতম হাসান, জেফার, প্রতিক হাসান, চিত্রনায়িকা পূজা চেরি, তমা মির্জাসহ একঝাঁক তারকা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান এন এস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি কর্তৃপক্ষ।
আগামী ২৪ মে স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কুয়ালালামপুরের মিনারা পিজিআরএম টাওয়ার-২-এই লাইভ কনসার্টটি উপভোগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে দেশের সংস্কৃতি তুলে ধরার দারুন সুযোগ তৈরি হবে। ছুটির দিন থাকায় প্রায় সাড়ে চার হাজার প্রবাসী বাংলাদেশি এ কনসার্টে অংশ নেওয়ার সুযোগ পাবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ আলামিন সরকার ও শারমিন রহমান।