জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতৃত্ব নিয়ে বিরোধ, আর্থিক অনিয়মের অভিযোগ

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতৃত্ব নিয়ে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। সংগঠনটির আহ্বায়ক কমিটির একাংশ অন্য অংশের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দীর্ঘদিন একই নেতৃত্ব বহাল রাখার অভিযোগ তুলে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
রোববার (২৮ জুন) ফ্রান্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলতাফুর রহমান অভিযোগ করেন, সংগঠনের সাবেক সভাপতি হেনু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সচিব আলী হোসেন দীর্ঘ ছয় বছর ধরে নেতৃত্বে থাকলেও গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত নির্বাচন আয়োজন এবং নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়নি। একই সঙ্গে সংগঠনের আর্থিক ব্যবস্থাপনায়ও অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করা হয়।
এ সময় জানানো হয়, ১৯৪৭ সালে সিলেট বিভাগের চার জেলার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে বাংলাদেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ঢাকার কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয় থেকে কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০১৮ সালে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে দীর্ঘ ৬ বছর দুই জনের হাতেই নেতৃত্ব ছিল বলে জানান।
বক্তারা জানান, কেন্দ্রীয় কমিটি গত বছর ফ্রান্স শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে এবং ১০০ দিনের মধ্যে সর্বসম্মতভাবে নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হওয়ায় আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলতাফুর রহমান অভিযোগ করেন, আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পরও আলী হোসেন নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি দাবি করেন, সংগঠন দীর্ঘদিন ধরে সাংগঠনিক অচলাবস্থা ও প্রশাসনিক দুর্বলতার মধ্যে রয়েছে।
আলতাফুর রহমান আরও অভিযোগ করেন, সদস্য সচিব আলী হোসেন এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন, সদস্যদের মতামত উপেক্ষা করছেন এবং সংগঠনের প্রশাসনিক কাঠামো দুর্বল করে ফেলেছেন। তিনি দাবি করেন, ২০২২ সালের সুনামগঞ্জের বন্যা উপলক্ষে সংগৃহীত তহবিল এখনো সম্পূর্ণভাবে বিতরণ করা হয়নি এবং ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন না হওয়ায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ছাদ অভিযোগ করেন, সংগঠনের ভেতরে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সীমিত কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসেন মোজাহিদ বলেন, বন্যার তহবিল ব্যবহারে স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাবেদ হুসেন দাবি করেন, অনিয়মের কারণে তিনি নিজ উদ্যোগে বাংলাদেশে গিয়ে কিছু ভুক্তভোগীর হাতে সহায়তার অর্থ পৌঁছে দিয়েছেন।
অন্যদিকে, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান ও সাবেক সহ-সভাপতি আজাদ মিয়া বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক সংকট নিরসনে দ্রুত একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য কমিটি গঠন জরুরি।
আলতাফুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন সম্ভব না হওয়ায় বর্তমানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৩১ জুলাই সদস্য সংগ্রহ অভিযান, ১৫ আগস্টের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং ৩০ আগস্ট নতুন কমিটি ঘোষণা।





