logo

প্যারিসে মহাসমারোহে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
প্যারিসে মহাসমারোহে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
ফ্রান্সে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় উৎসব। ছবি: এশিয়া পোস্ট

ফ্রান্সের রাজধানী প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর প্যারিসে ২৩টি অস্থায়ী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের তথ্য পাওয়া গেছে।

প্যারিস মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠে ওভারভিলিয়ার্সের একটি হলরুমে অস্থায়ী পূজামণ্ডপ স্থাপন করে চলছে সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা।

আজ মহাঅষ্টমীতে এই পূজামণ্ডপে বিপুল প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতা ও অন্য ধর্মের অসংখ্য দর্শনার্থী উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনে আসেন বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব আয়বার মহাসচিব কাজী এনায়াত উল্লাহ ইনু। এ সময় তিনি পূজামণ্ডপে অবস্থান করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এদিকে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, সাবেক সহসভাপতি শাহ জামান ও রশীদ পাটয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং জুনায়েদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা প্যারিসের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজাকে কেন্দ্র করে অস্থায়ী পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজা অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় উৎসব। পরিবারের সদস্যদের নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে বিকেল থেকে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচেছে পরা ভীড় লক্ষ্য করা গেছে। প্রবাসের ব্যস্ত জীবনে এ ধর্মীয় আয়োজন পরিণত হয়েছে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের এক মিলনমেলায়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্যারিসের পূজামণ্ডপগুলোতে যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা অর্চনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনায় অংশ নিচ্ছেন ভক্তরা। পূজার পাশাপাশি ভক্তদের মধ্যে শুভেচ্ছা বিনিময়, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির পরিবেশ লক্ষ করা যাচ্ছে।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ আয়োজন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি দুর্গাপূজার আয়োজনে রাখা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। তাদের পরিবেশনায় মুখর হয়ে উঠছে পূজামণ্ডপের অনুষ্ঠানস্থল।

বাংলা গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে বিকেল থেকেই পূজামণ্ডপে সমবেত হন দর্শনার্থীরা। ধর্মীয় উৎসবের সঙ্গে সাংস্কৃতিক আয়োজন যুক্ত হওয়ায় পুরো অনুষ্ঠান পেয়েছে ভিন্নমাত্রা। প্রবাসে বাংলা ভাষা, গান ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং নিজেদের ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে নতুন করে উদ্‌যাপনের উপলক্ষ। পূজাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর অনেকের সঙ্গে অনেকের দেখা-সাক্ষাৎ হচ্ছে। নতুন প্রজন্মও পরিচিত হচ্ছে দেশীয় ধর্মীয় আচার, উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর শুক্রবার শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। পূজার শেষ দিন পর্যন্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান ও অন্যান্য আয়োজন চলবে।