logo

রোম মহানগরের ১৫ সদস্যের পরিচালনা কমিটিতে দুই বাংলাদেশি

ইসমাইল হোসেন স্বপনইতালি
রোম মহানগরের ১৫ সদস্যের পরিচালনা কমিটিতে দুই বাংলাদেশি
রোমের আন্তঃসাংস্কৃতিক সহাবস্থান বিষয়ক পরামর্শ পরিষদের সদস্য মুক্তার হোসেন মার্ক ও পাপিয়া আক্তার। ছবি: এশিয়া পোস্ট

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন এক মাইলফলক। রোম মহানগরের স্থায়ী আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানবিষয়ক পরামর্শ পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটিতে নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন মুক্তার হোসেন মার্ক ও পাপিয়া আক্তার।

সোমবার (২৩ নভেম্বর) রোমের পালাৎসো ভ্যালেন্তিনিতে অনুষ্ঠিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন ইতালির (বিমাস) সভাপতি ড. এম এইচ মুক্তার হোসেন মার্ক এবং ARCI Roma-এর প্রতিনিধি পাপিয়া আক্তার নির্বাচিত হন। ২৪ নভেম্বর রোম মহানগর প্রশাসনের পক্ষ থেকেও কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

রোম মহানগর প্রশাসনের উদ্যোগে গঠিত এই পরামর্শ পরিষদের মূল লক্ষ্য হলো অভিবাসীদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করতে কাজ করা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আবাসন এবং নাগরিক অধিকারসংক্রান্ত বিভিন্ন সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরাও পরিষদটির অন্যতম দায়িত্ব।

রোম মহানগর এলাকায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের বসবাস। তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দিতে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

পরিচালনা কমিটিতে দুই বাংলাদেশির অন্তর্ভুক্তিকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন প্রবাসীরা। তাদের মতে, এর মাধ্যমে ইতালির স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

দীর্ঘদিন ধরে ইতালির অর্থনীতি, শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন বাংলাদেশিরা। রোম মহানগরের এই গুরুত্বপূর্ণ পরিষদে দুই বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশটির মূলধারার সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে বাংলাদেশিদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।