মালয়েশিয়ায় শুরু হচ্ছে ১৬ দলের ‘লায়ন্স এক্সপ্রেস কাপ ক্রিকেট টুর্নামেন্ট’

এশিয়া পোস্ট নিউজ, মালয়েশিয়া
মালয়েশিয়ায় শুরু হচ্ছে ১৬ দলের ‘লায়ন্স এক্সপ্রেস কাপ ক্রিকেট টুর্নামেন্ট’
মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাপ উন্মোচন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আগামী ৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ১৬ দলের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু’ নামের এই টুর্নামেন্টটি আগামী ১২ জুলাই পর্যন্ত কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জুন) কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন ‘লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাব’-এর সভাপতি আজিজুল হাকিম। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

ক্রীড়া উদ্যোগের পাশাপাশি এই সংবাদ সম্মেলনে একটি মানবিক ঘোষণাও দেওয়া হয়। লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল হাকিম জানান, মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার অপেক্ষায় থাকা দুই জন অসহায় প্রবাসীকে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিমান টিকিট উপহার দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা বিজয়ী দলের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং রানার-আপ দলের জন্য ৯৬ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিডিএফসি’র সভাপতি আব্দুল মোবিন ভূঁইয়া, মালয়েশিয়া কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন, রুবেল আলী, সিতি আইশা, এখলাস মিয়া, আজগর মিলন ও সাদ্দাম হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।