গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের আশ্রয়প্রার্থীরা

গ্রিসের উত্তরাঞ্চলে একটি অভিবাসী আটককেন্দ্রে পুলিশ ও আশ্রয়প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ২৫ ব্যক্তির মধ্যে ২৩ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশ ও মিশরের আশ্রয় প্রার্থী।
তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি।
পত্রিকায় লিখেছে, আটক সবার বিরুদ্ধে পালানোর চেষ্টা, পালানো, বিদ্রোহ এবং সম্পদের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের সঙ্গে গত শনিবার সংঘর্ষের সময় পাঁচজন আহত হয়েছিলেন বলেও লিখেছে পত্রিকাটি। তাদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে আটককেন্দ্রে ফিরে এলেও দুজন এখনো চিকিৎসাধীন রয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ক্লিদি আটককেন্দ্রটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি আশ্রয়প্রার্থী রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি মানসম্পন্ন নয়। কেন্দ্রটিতে এর আগেও অস্থিরতা দেখা গেছে।
এদিকে আটককেন্দ্রটির আশপাশের বাসিন্দাদের উদ্বেগের প্রেক্ষিতে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ আটককেন্দ্রটি বন্ধ করে দিতে একটি রেজ্যলুশন অনুমোদন করেছে।
উল্লেখ্য, শনিবার সংঘর্ষের সময় আটককেন্দ্রটিতে ৪৫০-এর মতো আশ্রয়প্রার্থী ছিলেন, যাদের আশ্রয়ের আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। সে সময় পালিয়ে যাওয়া বেশ কয়েকজনকে আবারও আটক করা হয়েছে। বাকিদের সন্ধান অব্যাহত রয়েছে।
সূত্র: ইনফোমাইগ্র্যান্টস



