logo

বাহরাইনে প্রবাসী কর্মীদের জন্য দূতাবাসের নতুন সতর্কতা জারি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদকবাহরাইন
বাহরাইনে প্রবাসী কর্মীদের জন্য দূতাবাসের নতুন সতর্কতা জারি
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। ছবি: দূতাবাসের ফেইসবুক পেইজ

বাহরাইনে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও দৈনন্দিন আচরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে মানামার বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার এবং গুজব ও ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন হতে পারে এমন উসকানিমূলক পোস্ট শেয়ার না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বাহরাইনের নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা, যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি-ভিডিও ধারণ বা প্রকাশ না করার কথা বলা হয়েছে নির্দেশনায়।

নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করারও পরামর্শ দিয়েছে দূতাবাস। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট বা বিতর্কে অংশ না নেওয়া, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণায় না জড়ানো এবং কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট বা মন্তব্য না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া নির্দেশনায় প্রবাসী কর্মীদের বাহরাইনের স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা এবং অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থেকে স্ক্যাম ও ফিশিং থেকে সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা, কোনো তথ্য-ছবি-ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের এই নির্দেশনা প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেকোনো প্রয়োজনে দূতাবাসের টেলিফোন নম্বর ১৭২৩৩৯২৫-এ যোগাযোগ করা যাবে। এছাড়া www.bdembassy.org.bh ওয়েবসাইট এবং [email protected] ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।