ইতালির রোমে চ্যানেল আই-এর উদ্যোগে ‘মিট দ্য কমিউনিটি’ অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে চ্যানেল আই ইতালির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মিট দ্য কমিউনিটি’। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সাংবাদিকেরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিদের প্রতি সম্মান জানানো হয়। জাতীয় সংগীতের সুরে প্রবাসের মাটিতে দেশপ্রেমের আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং কমিউনিটির সম্ভাবনা, সমস্যা ও বিভিন্ন বিষয় তুলে ধরা।
প্রধান অতিথির বক্তব্যে রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী প্রবাসী বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি এ ধরনের উদ্যোগের জন্য চ্যানেল আই ইতালিকে ধন্যবাদ জানান।
চ্যানেল আই ইতালির প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য ও নানা বাস্তবতার গল্প বস্তুনিষ্ঠভাবে দেশ-বিদেশের দর্শকদের কাছে তুলে ধরতে তারা কাজ করে যাবেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন চ্যানেল আই দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মো. সেলিম, শাহ তাইফুর রহমান ছোটন, হুমায়ুন কবির, মোজাম্মেল হক মোল্লা এবং মো. মনির ইসরাফিল বারিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমুল রহমান। তার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকেরা উপভোগ করেন।
.png)





