logo

ওমানে প্রবাসীদের জন্য ‘সেভ এ হার্ট’ ক্যাম্পেইন শুরু

আরফাত উল্লাহ, ওমান
ওমানে প্রবাসীদের জন্য ‘সেভ এ হার্ট’ ক্যাম্পেইন শুরু
ওমানে ‘সেভ এ হার্ট’ ক্যাম্পেইন শুরু। ছবি: এশিয়া পোস্ট

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে, ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ডিরেক্টরেট জেনারেল অব প্রাইভেট হেলথ এস্টাবলিশমেন্টস’-এর সহযোগিতায় ‘বদর আল সামা গ্রুপ অব হসপিটালস’ চালু করেছে “সেভ আ হার্ট” ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটির মূল লক্ষ্য; কর্মক্ষেত্র বা যে কোন স্থানে কেউ যদি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, সাড়া না দেন বা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস না নেন, তাহলে করণীয় বিষয়ে প্রবাসীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা।

“সেভ এ হার্ট” ক্যাম্পেইন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সে এ বিষয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আয়োজকরা

তারা বলেন, ওমানের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের নানা দেশের প্রবাসীর বাস। এসব বাসিন্দাকে সরকারী হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য সেবা দিয়ে আসছে বদর আল সামা হসপিটাল গ্রুপ। ৩ লক্ষ ৯ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশ ওমানের নানা প্রান্তে ১৪টি হাসপাতাল ও পলি ক্লিনিক রয়েছে। এসব হাসপাতালে প্রতিবছর গড়ে ১৪ থেকে ১৫ হাজার হৃদরোগী চিকিৎসা নিয়ে থাকেন বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার আব্দুল লতিফ উপ্পালা। আগামীতে যাতে এসংখ্যা কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মানুষের মাঝে সচেতনা সৃষ্টি করতে ওমানের জনবহুল নানা শহরে মানুষের কাছ থেকে হার্ট এটার্ক সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের মাঝে মেডিকেল টিমগুলো ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করে, যার মধ্যে ছিল কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর)-এর প্রদর্শনী; পাশাপাশি সাধারণ মানুষকেও এই কৌশলটি নিজে অনুশীলন করতে উৎসাহিত করা হয়।

‘বদর আল সামা গ্রুপ অফ হসপিটালস’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মইদেন বিলাল এবং ফিরাসাথ হাসান বলেন: “এই প্রচারণার মূল শক্তি হলো সরাসরি মানুষের কাছে সচেতনতা পৌঁছে দেওয়া। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ ও বাস্তবধর্মী অনুশীলনের (সিমুলেশন) পাশাপাশি সিপিআর (CPR) প্রদর্শন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষা এবং রোগীদের জন্য তথ্যমূলক উপকরণ—এসবের মতো বিভিন্ন মাধ্যমের সাহায্যে আমরা জীবন রক্ষাকারী জ্ঞানকে সহজ, ব্যবহারিক ও সবার জন্য সহজলভ্য করে তুলেছি। আমরা চাই এই সচেতনতা কেবল আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তাদের পরিবার, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্র এবং বৃহত্তর জনগোষ্ঠীর মাঝেও ছড়িয়ে পড়ুক।

এই বহুমুখী উদ্যোগের মাধ্যমে, ‘বদর আল সামা গ্রুপ অফ হসপিটালস’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ডাইরেক্টরেট জেনারেল অব প্রাইভেট হেলথ এস্টাবলিশমেন্টস’ দেশজুড়ে ব্যাপক প্রচারের লক্ষ্য নিয়েছে।