প্যারিসে এফবিজেএর জুলাই ডায়লগ অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এফবিজেএর সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহমুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল ঐতিহাসিক। ফ্রান্সপ্রবাসীরাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে ফরাসি গণমাধ্যমগুলোর সংবাদ প্রচারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমানে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। বিএনপি যত বেশি দুর্বল শাসনব্যবস্থা উপহার দেবে, পতিত ফ্যাসিবাদী শক্তি তত বেশি ‘আগেই ভালো ছিলাম’ বলার সুযোগ পাবে। জুলাইয়ের অর্জনকে সংহত করতে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের কোনো বিকল্প নেই।
সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ করতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের মতো নাগরিক সুবিধা যত দিন বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত করা সম্ভব হবে না, তত দিন সংগ্রাম অব্যাহত থাকবে। কাঠামোগত সংস্কারই জুলাইয়ের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করতে হবে, যাতে তারা বাংলাদেশবিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে।
অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মোহাম্মদ আরিফ, ব্যবসায়ী শহিদুল ইসলাম প্রমুখ ।
এফবিজেএর সদস্যদের মধ্যে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচারণ এবং প্রবাসে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন কলামিস্ট নিয়াজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।



