logo

আল-আজহারের শিক্ষার্থীদের উম্মাহর কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান ছারছীনার পীরের

আফছার হোসাইন
আফছার হোসাইন
আল-আজহারের শিক্ষার্থীদের উম্মাহর কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান ছারছীনার পীরের
কায়রোর নাসর সিটিতে ছারছীনা দরবার শরিফের পীরকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আখিরাতমুখী আমলি জীবন গঠন, বিশুদ্ধ আকিদা, উত্তম আখলাক ও তাকওয়া অর্জনের পাশাপাশি সুন্নতে নববীর আদর্শে নিজেদের উম্মাহর কল্যাণে নিবেদিত করার আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরিফের পীর আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (হাফি.)।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী কায়রোর নাসর সিটিতে অবস্থিত বুর্জ আত-তাতবিকিয়্যিনের গ্র্যান্ড কনফারেন্স হলে আয়োজিত এক আধ্যাত্মিক সংবর্ধনা, ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি’র উদ্যোগে পাক-ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরিফের পীর সাহেবের মিশর সফর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছারছীনা শরিফের মরহুম পীর, মুজাদ্দিদে জামান আলহাজ শাহ সুফি মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন, কর্ম ও দ্বীনি খেদমত নিয়ে আলোচনা, ঈসালে সওয়াব ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছারছীনা দারুসসুন্নাত সোসাইটির আহ্বায়ক সাইমুম আল-মাহদী আল-আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব কারি ফাদিলাতুশ শাইখ মোহাম্মাদ সাইদ। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইফুর রহমান আল-আজহারী।

অনুষ্ঠানে বক্তারা বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় ছারছীনা শরিফের দীর্ঘদিনের দ্বীনি খেদমত, শাহ মোহাম্মাদ মুহিবুল্লাহ (রহ.)-এর জীবনাদর্শ, তাজদিদি মিশনের কার্যক্রম, আধ্যাত্মিক অবদান এবং বাংলাদেশের ইসলামি শিক্ষা বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০টি দেশের ছাত্র সংগঠনের প্রতিনিধি, রুয়াসাউল ইত্তেহাদ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ফিলিস্তিনি দাতা সংস্থা ওয়ান উম্মাহ ফাউন্ডেশন, আল-আজহার স্টুডেন্ট ফোরাম, ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি ও আল-আজহার বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পীর সাহেব হুজুরকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের পক্ষ থেকে উপদেষ্টা শিহাবউদ্দিন আল-আজহারী সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া ভারতের ফুরফুরা দরবার শরিফের প্রতিনিধিরাও উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানান।

বক্তারা শতাব্দীব্যাপী ছারছীনা দরবার শরিফের দ্বীনি শিক্ষা, তাসাউফ চর্চা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। ইত্তেহাদুল আরবের প্রেসিডেন্ট ড. মোহাম্মাদ মাখঝুমি বলেন, তাসাউফ ও ইসলামের খেদমতে ছারছীনা দরবার শরিফের অবদান মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে ছারছীনা দরবার শরিফের বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘হেদায়েতে ইসলাম বাংলাদেশ’-এর উদ্যোগে মিসরে অবস্থানরত ফিলিস্তিনি উদ্বাস্তুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

সমাপনী বক্তব্যে পীর সাহেব হুজুর মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আখিরাতমুখী জীবন গঠন, বিশুদ্ধ আকিদা, উত্তম চরিত্র ও তাকওয়ার মাধ্যমে সুন্নতে নববীর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।