logo

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ হাদির ভাইয়ের

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ হাদির ভাইয়ের

যুক্তরাজ্য মিশনে চাকরি পাওয়াকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি। তার অভিযোগ, নিরাপত্তার স্বার্থে মিশনে নিয়োগ পাওয়াকে রক্তের বিনিময়ে চাকরি হিসেবে আখ্যা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন চালানো হচ্ছে।

সম্প্রতি মালয়েশিয়ায় হাদির স্মরণ-সভায় এ অভিযোগ করেন হাদির বড় ভাই। অনুষ্ঠানে প্রবাসীরা নতুন প্রজন্মের কাছে ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরার পাশাপাশি মানবিক ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত হয়ে হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার বানচাল করতে তাকে ও তার সন্তানকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া বিচারের দাবি বন্ধ করতে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ঝুমাদেরকে ভয় দেখানো হচ্ছে, হাদি হত্যার বিচারে সোচ্চার থাকলে তাদেরকেও হত্যা করা হবে।

যুক্তরাজ্যে মিশনে নিয়োগ প্রসঙ্গে ওমর বলেন, দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিদেশে বসবাসের ব্যবস্থা করতে বলা হয়েছিল সরকারকে। নিরাপত্তা চাওয়াকে যারা রক্তের বিনিময়ে চাকরি পাওয়া বানিয়ে ক্যাম্পেইন করছে তাদের প্রতিও ধিক্কার জানান তিনি।

তিনি আরও বলেন, এর আগেও হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলো বাংলাদেশবিরোধী অ্যাক্টিভিস্টরা। এখনো ঠিক তাই দেখতে পাচ্ছি। আমি যদি কালকে ঢাকায় ফিরি, আমাকে হত্যা করা হয় তাহলে বলা হবে ভাইয়ের লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিলো এজন্য তাকে হত্যা করা হয়েছে।

প্রবাসীরা খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ওসমান হাদি নিজের স্বার্থের চেয়েও ইনসাফ ও দেশপ্রেমে বলীয়ান ছিলেন। তার এই আত্মত্যাগ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও অনুপ্রেরণা দেবে। 

প্রবাসীরা জানান, যতদিত হাদি হত্যার বিচার না হবে ততদিন আমাদের এ কথা চলতেই থাকবে। এজন্য আরও একশো হাদি শহিদ হতে হলে মনে হয় কেউ পিছু হটবে না।