logo

সিপাহি-জনতার ঐক্যের চেতনায় জাতীয় সংহতি জোরদারের আহ্বান ফ্রান্স রাষ্ট্রদূতের

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
সিপাহি-জনতার ঐক্যের চেতনায় জাতীয় সংহতি জোরদারের আহ্বান ফ্রান্স রাষ্ট্রদূতের
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ৭ নভেম্বর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান। ছবি: এশিয়া পোস্ট

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ৭ নভেম্বর দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এ ছাড়া ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটির বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের দাবায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই এর চমক

অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে সেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং জাতীয় সংহতির নতুন ভিত্তি রচিত হয়।

তিনি বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্‌ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ফ্রান্স প্রবাসীদের

রাষ্ট্রদূত বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য সমুন্নত রাখা সময়ের দাবি। দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাঁদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

আলোচনা পর্বে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। দীর্ঘদিন পর রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদ্‌যাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা সরকারকে ধন্যবাদ জানান।