উৎসবমুখর পরিবেশে ইতালিতে শারদীয় দুর্গোৎসব উদযাপন

ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত ছিল ইতালির পূজামণ্ডপগুলো। ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা আর উৎসবের আমেজে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছেন ইতালিপ্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছরের মতো এবারও দেশটির বিভিন্ন অঞ্চলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার।
রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দেবী দুর্গার দর্শন ও পূজা-অর্চনায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ভক্তরা পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে ছুটে আসেন। বিশেষ প্রার্থনায় ভক্তরা অশুভ শক্তির বিনাশ, বিশ্বশান্তি, সুখ-সমৃদ্ধি এবং একটি মানবিক পৃথিবীর কামনা করেন।
রোমের অন্তত পাঁচটি পূজামণ্ডপে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী আরতি, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী প্রবাসীদের পদচারণায় মণ্ডপ প্রাঙ্গণে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি হয়।
আয়োজক ও ভক্তদের প্রত্যাশা, প্রবাসের মাটিতে নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি, শেকড় ও আবহমান সম্প্রীতির চেতনা আরও উজ্জ্বল হয়ে উঠবে।
