logo

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি এখন মিশরের কারাগারে

আফছার হোসাইন
আফছার হোসাইন, মিশর
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি এখন মিশরের কারাগারে
ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া কয়েকজন বাংলাদেশি। ছবি: এশিয়া পোস্ট

উন্নত জীবনের স্বপ্ন, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর আকাঙ্ক্ষা আর ইউরোপে পাড়ি জমানোর দুর্নিবার প্রত্যাশা, সবকিছু নিয়ে তারা যাত্রা করেছিলেন গ্রিসের উদ্দেশে। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে। উত্তাল ভূমধ্যসাগরে জ্বালানি শেষ, নৌকায় ছিদ্র হয়ে ঢুকছে পানি, চারদিকে অথই জলরাশি। প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুভয় নিয়ে সাগরে ভেসে থাকার পর একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও এখন মিশরের দামিয়াত কারাগারে বন্দিজীবন কাটছে ৬৫ বাংলাদেশির।

সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে চারজন ছিলেন দক্ষিণ সুদানের নাগরিক। ১১ অক্টোবর নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে তারা গভীর সাগরে চরম বিপদের মুখে পড়েন। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার একপর্যায়ে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। যে কোনো মুহূর্তে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে ‘ইয়াং মিং’ (YANG MING) নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। পরে ১৩ অক্টোবর তাদের মিশরের দামিয়াত বন্দরে নেওয়া হয়।

দূতাবাসের শ্রম সচিব গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলারও ব্যবস্থা করা হয়।

আটক বাংলাদেশিদের অভিযোগ, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের লিবিয়ার বিভিন্ন স্থানে অমানবিক পরিবেশে আটকে রেখেছিল। এরপর প্রায় ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় গাদাগাদি করে ৬৯ জনকে তুলে দেওয়া হয়। তাদের অনেকেই ইউরোপে উন্নত জীবনের আশায় জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালদের হাতে তুলে দিয়েছেন বিপুল অর্থ। অথচ সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের জীবন পড়েছিল গভীর অনিশ্চয়তায়।

দূতাবাসের শ্রম সচিব জানান, আটক বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা প্রদান এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিমান টিকিটের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উন্নত জীবনের আশায় যারা এক দিন প্রিয়জনদের ছেড়ে অজানার পথে পা বাড়িয়েছিলেন, তাদের অনেকেরই এখন অপেক্ষা কবে ফিরবেন স্বজনদের কাছে, কবে আবার দেখতে পাবেন পরিবারের মুখ