মিশিগানে এল সায়েদের বিজয়ে মুনা এপিজে অ্যাকশনের মিষ্টিমুখ

যুক্তরাষ্ট্রের সিনেটে আবদুল এল সায়েদের ঐতিহাসিক বিজয় উদযাপন করেছে মুনা অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিস। এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) মিশিগানের ওয়ারেন শহরের নোন ক্যাফেতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা ও সদস্যদের নিয়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবদুল এল সায়েদের বিজয়কে স্বাগত জানিয়ে বক্তারা এটিকে মিশিগানসহ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং বিজয়ের পেছনে ভূমিকা রাখায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রকৌশলী ইদ্রিস আলীর উপস্থাপনায় মিষ্টিমুখের পূর্ববর্তী আলোচনা পর্বে বক্তব্য রাখেন মুনা ন্যাশনালের প্রজেক্ট ডিরেক্টর ওলিউর রহমান, ডাইভার ফর সেভেন্টি ফাইভ-এর পরিচালক দেলোয়ার আনসার, রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শফিকুল ইসলাম রুবেলসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম।
বক্তারা বলেন, আবদুল এল সায়েদের বিজয় শুধু একজন প্রার্থীর বিজয় নয়; এটি মিশিগানের বহুজাতিক ও অভিবাসী কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। তারা ভবিষ্যতে কমিউনিটির অধিকার, ন্যায়বিচার ও জনকল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
বক্তারা নির্বাচনী প্রচারণা ও বিজয়ের ক্ষেত্রে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে আবদুল এল সায়েদের বিজয় উপলক্ষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় উপস্থিতদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান থেকে ভবিষ্যতে কমিউনিটির স্বার্থে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
