ফ্রান্সে নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়

ফ্রান্সের ২০২৬ সালের পৌরসভা ও স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের বিজয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
গতকাল রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর ঘোষিত ফলাফলে দেখা যায়, সাঁ-দেনি, ক্রেতেই ও ইভরি-সুর-সেন শহরে এই চারজন বিজয়ী হয়েছেন।
নির্বাচিত কাউন্সিলররা হলেন—নাহিদুল মোহাম্মদ—সাঁ-দেনি (সিন-সাঁ-দনি; কৌশিক রাব্বানী—সাঁ-দেনি (সিন-সাঁ-দনি); ফাহিম মোহাম্মদ—ক্রেতেই (ভাল-দ্য-মার্ন); জুবায়েদ আহমেদ—ইভরি-সুর-সেন (এসন)।
এ ছাড়া প্রায় ডজনখানেক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক বিভিন্ন শহর থেকে কাউন্সিলর ও ডেপুটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে লা কুরনভ, লো বুর্জে, ভিনিয়ু-সুর-সেন এলাকায় প্রার্থীরা জয়লাভ করতে পারেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—নাসির উদ্দিন, শরিফ আল মোমিন, খিয়াং নয়ন ও আকাশ বড়ুয়া।
নির্বাচিত নাহিদুল মোহাম্মদ স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ফ্রান্সের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের আস্থা অর্জনের প্রমাণ। আমরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক সংহতির প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছি।’
ফ্রান্সের স্থানীয় সরকারব্যবস্থায় পৌরসভার কাউন্সিলররা শহরের বাজেট, শিক্ষা, নগর পরিকল্পনা ও সামাজিক সেবা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্যারিসের উত্তর ও দক্ষিণ-পূর্বের উপশহরগুলোয় বাংলাদেশি কমিউনিটির ঘনবসতি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল ভবিষ্যতে ফরাসি রাজনীতিতে অভিবাসী প্রতিনিধিত্বের ধারা আরও জোরদার করবে।