প্যারিসে প্রবাসী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
প্যারিসে প্রবাসী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পুরস্কার বিতরণ
প্যারিসে প্রবাসী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ‘সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্স’।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের মাতৃভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির মক্তবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোববার (২৮ জুন) সকালে প্যারিসের অদূরে ‘স্তা’ এলাকায় অবস্থিত সেন্টারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্সের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মক্তবের শিক্ষক আরিফের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ, নাত, কোরআন তেলাওয়াত এবং মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন মক্তবের পরিচালক নুরুল ইসলাম ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক বেলায়েত খানসহ অন্যান্য শিক্ষকরা।

বক্তারা বলেন, ইউরোপে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করার পাশাপাশি মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় মক্তবের শিক্ষা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে মক্তবের বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী, নিয়মিত উপস্থিত থাকা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। সবশেষে অতিথিরা সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্সের শিক্ষা, ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।