দেশের বাজেটে সন্তোষ প্রকাশ সৌদি আরব বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব জেদ্দা মহানগর শাখার ১৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর উপলক্ষে শুক্রবার (১৯ জুন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দেশের সাম্প্রতিক বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করে সন্তোষ প্রকাশ করেছেন।
তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও রাজনৈতিক দর্শনের প্রতিফলন হিসেবে সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনআকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেদ্দা থেকে এশিয়া পোস্টের প্রতিনিধি রফিক চৌধুরী জানান, জেদ্দার একটি হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্যাহ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সফিক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ও মঈন চৌধুরী, সদস্য টিপু সুলতান ও নজরুল ইসলাম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব জাসাসের সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি, জাসাসের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোহাম্মদ ইউসুফ গাজী, জাহাঙ্গীর সরকার, তারেক খান, শাহ আলম, ইব্রাহিম মুন্সী, আব্দুল মুকিত খসরু, সিদ্দিকুর রহমান, আব্দুল জলিল, আতিকুর রহমান রনি, ফয়েজ আহমেদ, ইলিয়াস সিকদার, আব্দুল আহাদ, আব্দুল কাদেরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়ন, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে নবগঠিত ১৭৫ সদস্য বিশিষ্ট জেদ্দা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে নেতাদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় জেদ্দা মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঞ্চল কমিটির সিনিয়র নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
