মিশরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

মিশরের শিল্পনগরী আল-আশার মিন রমাদান ও এর আশপাশের পোশাক কারখানায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দুই দিনের কনস্যুলার ক্যাম্প শুরু করেছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহরটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ‘তুর্কি কোম্পানি, পুরাতন হাউজ প্লাজা-৬০’-এ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন কারখানায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।
এই ক্যাম্পের মাধ্যমে আল-আশার মিন রমাদান ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিরা কায়রোতে দূতাবাসে যাওয়ার বাড়তি ভোগান্তি ছাড়াই কাছাকাছি স্থানে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট প্রদান, দূতাবাসের পত্র ইস্যু এবং বিভিন্ন নথিপত্র সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও কনস্যুলার-সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও সহযোগিতাও করা হচ্ছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পে প্রবাসীদের সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হবে।
মিশরে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে জানান, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা সহজে পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরও জোরদার ও কার্যকর করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি সহযোগিতা ও পরামর্শ দেওয়াও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।
