logo

ইতালিতে কোচ কোম্পানির উদ্যোগে কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা

ইসমাইল হোসেন স্বপনইতালি
ইতালিতে কোচ কোম্পানির উদ্যোগে কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: এশিয়া পোস্ট

কর্মক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতালির বলজানোতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে স্থানীয় কোচ কোম্পানি। ইতালির জাতীয় শ্রম আইন ও নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে অনুসরণের অংশ হিসেবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে জানানো হয়েছে, ইতালির কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত ৯ এপ্রিল ২০০৮-এর আইন নং ৮১ (আইন ডিক্রি ৮১/০৮) এবং ১৭ এপ্রিল ২০২৫-এর রাজ্য-অঞ্চল চুক্তি অনুযায়ী এই প্রশিক্ষণটি প্রতিটি কর্মীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ অমান্য করা বা অনুপস্থিত থাকার ক্ষেত্রে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) বলজানোর 'ভায়া নেগ্রেলি ৩'-এর দ্বিতীয় তলার প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী ৬ ঘণ্টার এ কোর্স অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি দুই ধাপে—সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং দুপুর ১:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত পরিচালিত হয়।

কর্মীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

উল্লেখ্য, কোচ কোম্পানি ১৯৮০ সালে ইতালির বোলজানোতে পিটার গোজারের হাত ধরে যাত্রা শুরু করে। দীর্ঘদিন ধরে এটি হিমায়িত খাদ্যপণ্যের ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত ও গর্বিত নাম হিসেবে পরিচিত। কোচের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা ও অন্যান্য হিমায়িত খাদ্যসামগ্রী। প্রতিষ্ঠানটি পাইকারি বাণিজ্যের পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খুচরা চেইনে কার্যক্রম পরিচালনা করছে।