মিশরে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আওসবি

মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মিশরের বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের শিক্ষা, সেবা ও কল্যাণমূলক সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ (আওসবি)।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী কায়রোর নাদিউজ জাহির মিলনায়তনে ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব। সন্ধ্যা ৭টায় আব্দুল বাসেত নাদীমের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র আল-কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী রায়হান উদ্দিন ও মুহসিন আহমদ মাহদী। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ আল আহরার।
অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন আবু আদনান মহিবুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুল আজিজ তরফদার, আব্দুর রহমান মোতালেব ও মিসবাহুল হক মেরাজী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা, দৈনিক আমার দেশের সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব, সাইফুর রহমান ও তাসদিদ বিন আব্দুল ওয়াদুদ। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মাহবুবুল আলম।
*শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সেমিনারের দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও এমফিল সম্পন্নকারী, গ্র্যাজুয়েশন সম্পন্নকারী এবং এক্সিলেন্ট, ভেরি গুড ও টপ টেন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শতাধিক বাংলাদেশি কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে আল-আজহারের অধীনে ইমাম প্রশিক্ষণে অংশ নেওয়া ৬ জন ইমাম এবং কেরাতের সনদ অর্জনকারী ক্বারী রায়হান উদ্দিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে ও সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে সংগঠনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
*শিক্ষার্থীদের সাফল্যে রাষ্ট্রদূতের প্রশংসা
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার ২০২৬’-এ অংশ নিতে পেরে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের উৎসাহিত করতে এমন আয়োজনের প্রশংসা করেন।
তিনি বলেন, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করা বিভিন্ন অনুষদের সেরা দশে সর্বমোট ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন বাংলাদেশি শিক্ষার্থীর স্থান করে নেওয়া অত্যন্ত গৌরবের বিষয়। এটি তাদের মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আল-আযহারের মতো বিশ্বখ্যাত ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, একই সঙ্গে বাংলাদেশের জন্যও গর্ব ও সম্মানের বিষয়। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগাতে এবং সর্বোপরি দেশমাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস পাশে থাকবে। তাদের শিক্ষা, কল্যাণ ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে দূতাবাসের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আল-আযহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে তিনি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা তুলে ধরার আহ্বান জানান।
*নৈতিকতা ও মূল্যবোধ চর্চার আহ্বান
সভাপতির সমাপনী বক্তব্যে আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির বিবরণ তুলে ধরেন। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং প্রবাসজীবনে শিক্ষা ও কর্মের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যেন ব্যক্তি ও সমাজের কল্যাণের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখে—এ লক্ষ্যেই তাদের এগিয়ে যেতে হবে।
সবশেষে আখতারুজ্জামানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবাইকে সুস্বাদু বাঙালি খাবারে আপ্যায়ন করা হয়।
