logo

আরব আমিরাতে শেষ হলো গরমজনিত মধ্যাহ্নকালীন কর্মবিরতি

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন
আরব আমিরাতে শেষ হলো গরমজনিত মধ্যাহ্নকালীন কর্মবিরতি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি জলাশয়ের ধারে দেয়ালে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন শ্রমিক। ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের রক্ষায় কার্যকর তিন মাসব্যাপী মধ্যাহ্নকালীন কর্মবিরতি (মিড-ডে ওয়ার্ক ব্যান) গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়ের (MoHRE) নির্দেশনায় প্রতিবারের মতো এবারও গত ১৫ জুন থেকে এই নিয়ম কার্যকর ছিল।

বিধি অনুযায়ী, হিট স্ট্রোক ও গরমজনিত শারীরিক অসুস্থতা প্রতিরোধে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সরাসরি রোদে বা খোলা আকাশের নিচে যেকোনো ধরনের কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এই সময়ে কাজের সময়সূচি পুনর্বিন্যাসের পাশাপাশি ছায়াযুক্ত বিশ্রামাগার, বিশুদ্ধ ঠান্ডা পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী নিশ্চিত করা ছিল নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক।

তবে জরুরি জনসেবা ও নির্দিষ্ট কিছু কারিগরি কাজ, যেমন অ্যাসফল্ট ঢালাই, বিদ্যুৎ-পানি সরবরাহ লাইনের জরুরি মেরামত কিংবা প্রধান সড়কের যান চলাচল পুনর্বিন্যাসের কাজ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছিল। এসব ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি সুরক্ষাব্যবস্থাসহ কঠোর তদারকি চালানো হয়।

নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি শ্রমিকের জন্য পৃথকভাবে জরিমানা ও প্রশাসনিক শাস্তির বিধান প্রয়োগ করা হয়েছে। বছরের পর বছর এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের শ্রম খাত বিশ্বমানের কর্মপরিবেশ ও শ্রমিক-সুরক্ষার একটি দৃষ্টান্তমূলক নজির স্থাপন করে চলেছে।