বাহরাইনে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল প্রদর্শনী

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বাহরাইনে শুরু হয়েছে বিশেষ চিত্র প্রদর্শনী। বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের খ্যাতিমান শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম। গত ৭ জুন থেকে শুরু হয়ে বুধবার (১৭ জুন) পর্যন্ত টানা ১১দিন বিশেষ এ চিত্র প্রদর্শনী চলে।
বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের যৌথ আয়োজনে গত ৭ জুন উদ্বোধন করা হয় ‘কেন্দ্র থেকে প্রান্তে: বর্ণিল বৈচিত্র্যের এক শিল্পযাত্রা’ শীর্ষক চিত্র প্রদর্শনী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা।
প্রদর্শনীতে বাংলাদেশের চার স্বনামধন্য শিল্পীর ৪০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও উৎসবের নানা চিত্র। এ সময় রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ আয়োজন।
