বাহরাইনে এসএসসিতে পাসের হার ৯১.৬৭ শতাংশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভাবনীয় ফলাফলে দারুণ উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি থেকে চলতি বছর মোট ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৫৫ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১.৬৭ শতাংশ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৩ জন সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল দুজন শিক্ষার্থী। গত বছরগুলোর ধারা বজায় রেখে বাংলাদেশের মূল কেন্দ্রের পরীক্ষাসূচির সঙ্গে সামঞ্জস্য রেখা একই সময়ে বিদেশের মাটিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিনে ফল প্রকাশ করা হয়।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার (এনডিসি) বলেন, প্রবাসের মাটিতে শিক্ষার্থীদের এই অর্জন বাংলাদেশ ও প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিক্রিয়া জানিয়ে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল বলেন, ‘অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত ও নিরলস প্রচেষ্টার ফলেই এই গৌরবজনক ফল অর্জিত হয়েছে। ২০০৩ সাল থেকে বাহরাইনে অত্যন্ত সুনামের সাথে আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই সফলতার ধারা অব্যাহত রেখেছে।’
.png)

