বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মার্কিন সেনা কর্মকর্তা স্মিথ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথ।
মঙ্গলবার(২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দুতাবাসে ৫৫ তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দুই দেশের সামরিক বাহিনীর বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং আত্মত্যাগকারী লাখো শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস আমাদের দেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে।’
মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠই ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশে ও বিদেশে দুর্যোগ মোকাবিলায় আমাদের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’
এসময় বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনী শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই একটি উজ্জ্বল নাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে দুই বাহিনীর দক্ষতা বাড়ছে। আশা করি, আগামী দিনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।’
ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের উপর একটা সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথি উপস্থিত ছিলেন,তাদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও ক্যাপিটল হিলের কর্মকর্তারা।
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যেসব দেশের ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডস, সুইডেন, হাঙ্গেরি, রাশিয়া, আলজেরিয়া, ব্রুনাই, ফিলিপাইন, তুরস্ক, থাইল্যান্ড, উজবেকিস্তান, কিরগিজস্তান, চীন, জাপান, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, সুদান, মিশর, উরুগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, জর্ডান, ওমান, সাইপ্রাস, বলিভিয়া, ক্যামেরুন, কেনিয়া, মরক্কো ও তিউনিসিয়াসহ বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা প্রতিনিধিও অনুষ্ঠানে যোগ দেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এর আগে সশস্ত্র বাহিনী দিবসের কোনো অনুষ্ঠানে এত দেশের ডিফেন্স অ্যাটাশে উপস্থিত নেননি।
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন
প্রধান অতিথি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথ এর হাতে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী।
সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ কেক কেটে ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (লোকাল) নাজনীন সুলতানা।
