ভেনিসে ইতালিয়ানদের সঙ্গে প্রবাসীদের ভাষা ও সাংস্কৃতিক মতবিনিময়

ইতালিয়ান ভাষা ও নাগরিক শিক্ষার প্রতিষ্ঠান 'আরআইসি একাডেমি' অভিবাসীদের নিয়ে ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধা ও আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক দোত্তরেস্সা রিতু মিয়া।
তিনি জানান, অভিবাসী বাংলাদেশিরা যেন স্থানীয় সংস্কৃতি ও সমাজের মূলধারার সাথে সহজে মিশে যেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।
এসময় ইতালির বিশিষ্ট শিল্পী ও পরিচালক সেরেনা ননো শিক্ষার্থীদের মুখে শোনেন বাংলা গান। এরপর তার নেতৃত্বে সবাই সমস্বরে গেয়ে ওঠেন ইতালির বিখ্যাত গান ‘বেলা চাও’।
বাংলা ও ইতালিয়ান গানের সুরে, উচ্ছ্বসিত করতালির মধ্য দিয়ে উপভোগ্য হয়ে উঠে এই আয়োজন।
অনুষ্ঠানে ইতালির জনপ্রিয় পত্রিকা ইতালি (Ytali)-র প্রতিষ্ঠাতা ও সাংবাদিক গুইদো মলতেদো নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিবাসীদের জীবনসংগ্রামের প্রতি সংহতি জানান। গবেষক সান্দ্রা শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে দ্রুত ইতালিয়ান ভাষা আয়ত্ত করার তাগিদ দেন, যাতে তারা সমাজে নিজেদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করতে পারেন।
এছাড়া আরআইসি সল্যুশন্সের পরিচালক নুরুজ্জামান অভিবাসীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।